রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে রমনা পুলিশ ভবন ক্রসিং এলাকায় মো. শহিদুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শহিদুল ইসলাম পটুয়াখালী জেলার শফিকুল ইসলামের ছেলে। এ ছাড়া বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কদমতলির ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় ফারুক হোসেন (৩০) নামের এক ট্রাক হেলপার নিহত হন।
 
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান জানান, ভোর ৫টার দিকে ওই যুবককে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
এদিকে কদমতলীর বাসিন্দা আবুল মিয়া জানান, ফারুক হোসেন কদমতলির ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় থাকতেন। রাতে কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।