সুয়ারেজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান কোচের

 
বার্সেলোনা কোচ লুইস এনরিকে তার স্ট্রাইকার লুইস সুয়ারেজের বিরুদ্ধে বিপক্ষের খেলোয়াড়দের টানেলে হুমকি দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। গত বুধবার রাতে অনুষ্ঠিত কোপা ডেল রে’র খেলায় ন্যু ক্যাম্পে স্বাগিতক বার্সেলোনা খেলাটিতে বিপক্ষ এস্পানিয়লকে ৪-১ গোলে হারায়। সুয়ারেজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি হলে নিষিদ্ধ হতে পারেন কাতালান ক্লাবটির এই তারকা ফরোয়ার্ড।
 
দুদলের মধ্যকার এই প্রতিযোগিতার প্রথম খেলাটিও উত্তেজনাপূর্ণ ছিল। এরই ধারাবাহিকতায় দুই নগর প্রতিদ্বন্দ্বীর মধ্যকার সর্বশেষ খেলাটির দ্বিতীয়ার্ধও ছিল বেশ উত্তেজনাময়। ৭২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অতিথি মিডফিল্ডার হের্নান পেরেসকে। এর তিন মিনিট পর সুয়ারেজকে উদ্দেশ করে বাজে মন্তব্য করায় সরাসরি লাল কার্ড দেখেন দলটির সেনেগালের মিডফিল্ডার পাপে দিয়োপ।
 
রেফারি তার প্রতিবেদনে উল্লেখ করেন, ম্যাচ শেষে টানেলে দুই দলের খেলোয়াড়দের ঝগড়া করতে উস্কে দেন সুয়ারেজ। টানেলে অপেক্ষা করতে থাকা সুয়ারেজ বিপক্ষ খেলোয়াড়দের উদ্দেশ করে বেশ কয়েকবার বলেন, 'আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। এখানে আস। তোমরা কোনো কাজেরই না।'
 
এনরিকে এ প্রসঙ্গে বলেন, 'শান্তি বজায় রাখার বিষয়টি খেলোয়াড় কিংবা কোচের নয়, রেফারির। কেউ যদি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে রেফারির দায়িত্ব শান্তি বজায় রাখা। অবশ্যই এ খেলাগুলোয় উত্তেজনা ছিল। খেলোয়াড়রা একে অপরকে চেনে। তারা হলো বিশেষ ধরণের বৈরিতা থাকা দুটি দল। তবে এ বৈরিতাকে ইতিবাচক রাখতে হবে।'