সোনারগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা হয়েছে। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পালিত কন্যা ও জাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য জাপার লিয়াকত হোসেন খোকার অনুসারী উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক মামলাটি দায়ের করেছেন। ফেসবুকে বেশ কয়েকটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে মৌসুমীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় এ মামলা হয়।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া। মামলায় বাদী উল্লেখ করেন, কিছুদিন ধরে অনন্যা হুসেইন মৌসুমী তার ফেসবুকে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে মানহানি করছেন।
এছাড়াও ১৪ নভেম্বর মৌসুমী লিখেন, বারবার দালালগুলো কখনও আওয়ামী লীগ, কখনও বিএনপির পা চাটা কুত্তা হয়ে সত্যিকার এরশাদ প্রেমিকদের সরিয়ে দিয়ে জাতীয় পার্টিকে আজকে বিলুপ্তির দিকে নিয়ে গেছে।
জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে এখানে নৌকা প্রতীকে মনোনয়ন পান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন। জাপা থেকে মনোনয়ন পান বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা। ওই নির্বাচনে আওয়ামী লীগ তার মহাজোটের শরীক দল জাপাকে এ আসনটি ছেড়ে দিলে মোশারফ হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি নির্বাচিত হন।
গত ৭ সেপ্টেম্বর মৌসুমী সোনারগাঁওয়ে নির্বাচনী মাঠে নামেন। তিনি দাবি করেছিলেন, এরশাদ তাকে সবুজ সংকেত দিয়ে জাপার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়ে মাঠে নামিয়েছেন। এ আসন থেকে লাঙ্গল প্রতীকে মৌসুমী ও এমপি খোকা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে মৌসুমী বলেন, মহাসচিবের নির্দেশনায় আমার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। আমাকে ঘায়েল করে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য এ মামলা করা হয়।