বিচারহীনতা অপরাধের সাহস যোগায় : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) বলেছেন, একটি বিচারহীনতা অন্য একটি অপরাধের সাহস যোগায়। বিচারহীনতার সংস্কৃতি রোধ করতে হবে ও আইনের শাসনকে শক্তিশালী করতে হবে। দেশের অর্থনীতিকে চোরাচালান ধ্বংস করে দিচ্ছে।
 
শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি অভিষেক ও বিশেষ সম্মেলন-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
প্রধান বিচারপতি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সালিশ প্রশংসনীয়। কিন্তু মনে রাখতে হবে, সব অপরাধ আপসযোগ্য নয়। বিচারের কণ্ঠরোধ করা মানে অবিচারকে অব্যাহতভাবে লালন করা। অপরাধের  কোনো বর্ণ,  গোত্র নেই। এদেশে এক সময় বিচারহীনতার রেওয়াজ ছিল, যার জন্য এদেশকে অনেক মূল্য দিতে হয়েছে। আজ বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, আমরা দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছি।
 
ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসীদের উদ্দেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে ভালোবেসে প্রত্যেকে স্ব স্ব অবস্থান থেকে অবদান রেখে উন্নয়নে এগিয়ে আসবেন
 
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক কাজী আবদুন নূর প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়ার সহস্র অধিবাসী অংশ নেন।