সিলেটে একটি বিস্কুট কারখানার দুই কর্মচারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরেক কর্মচারী আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাদিমনগর বিসিক শিল্প নগরীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দরদাহের হারুনুর রশীদের ছেলে মো. রাজু (১৯) ও শরীয়তপুর জলার আবু মিয়া (২৫)। আহত রাসেল আহমদকে (২২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। তারা সবাই ‘বনফুল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির কর্মচারী।
স্থানীয়দের বরাত দিয়ে শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী জানান, রাতে কয়েকজন যুবক বিসিক শিল্প নগরীর ভেতরে ঢুকে রাজু, আবু ও রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু ও আবুকে মৃত ঘোষণা করেন। সেখানেই রাসেলের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।