যশোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, আহত ৩

যশোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কাভার করতে আসা সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন। এবং আরো চার সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন।
 
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের চিত্রামোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে থেকে হামলাকারী কাঁকন নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। হামলার প্রতিবাদে সাংবাদিকরা তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন এবং শুক্রবার রাতের মধ্যে সকল হামলাকারীকে গ্রেফতার করা না হলে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্ট মিডিয়া কাভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসী হামলায় আহতরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পারসন রিপন হোসেন, স্পোর্টস রিপোর্টার ইভান ইকরাম ও গাড়ি চালক আলাউদ্দিন। লাঞ্ছিত হয়েছেন যশোর প্রেসক্লাবের সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর ও সমকালের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, ক্যামেরা পারসন শাফিন রহমান তপন, একাত্তর টিভির যশোর প্রতিনিধি ফরহাদ হোসেন ও মাছরাঙ্গা টিভির যশোর প্রতিনিধি রাহুল রায়।
 
হামলার শিকার সাংবাদিকরা জানান, শুক্রবার রাতে টুর্ণামেন্ট কাভার করতে আসা চ্যানেল টোয়েন্টিফোরের একটি মাইক্রোবাস শহরের চিত্রা মোড়ে অবস্থান করছিল। এ সময় একটি প্রাইভেটকার সাংবাদিকদের বহনকারী মাইক্রোতে আঘাত করলে চালক এর প্রতিবাদ জানান। এ সময় প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। এতে চালকসহ দুই সাংবাদিক আহত হন। তাদের রক্ষা করতে এসে লাঞ্ছিত হন ওই চারজন। সাংবাদিকসহ স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে সন্ত্রাসী কাঁকনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত রিপন ও আলাউদ্দিনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক, সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা, শাফিন মাহমুদ ও ওসি সিকদার আক্কাস আলী আহতদের দেখতে হাসপাতালে যান এবং দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন।