চৌদ্দগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে জামাল হোসেন (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার পদুয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত পদুয়া রাস্তায় মাথায় জামাল হোসেনকে একা পেয়ে ঘিরে ফেলে গুলি এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায়। চৌদ্দগ্রাম থানার এস.আই ইব্রাহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পায়ের রগ কাটা এবং গুলিবিদ্ধ অবস্থায় জামাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
রাত সাড়ে ১০টায় থানার ডিউটি অফিসার নুরুজ্জামান জানান, পুলিশ রাত ১০টার দিকে হাসপাতাল থেকে নিহতের লাশ থানায় নিয়ে এসেছে। নিহত জামাল হোসেন উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং উপজেলার একই ইউনিয়নের কুলাসার গ্রামের আলী হোসেনের পুত্র।
 
চৌদ্দগ্রাম থানার ওসি মো: ফরহাদ জানান, ‘হত্যাকান্ডের মোটিভ এখনো জানা যায়নি, তবে পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’