চুয়াডাঙ্গায় দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ৩

চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে দামুড়হুদা উপজেলার জয়রামপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৭ টা ৫০ মিনিটে দুর্ঘটনা ঘটে। 
     
নিহতরা হলেন, পূর্বাশা পরিবহনের চালক শান্তি মিয়া, দর্শনা ডিলাক্সের চালক দুলাল হোসেন এবং যাত্রী  মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আরোজ আলী। 
 
আহত সদর উপজেলার বলদিয়া গ্রামের আসাদুজ্জামান, দর্শনা ইসলামবাজার এলাকার সৌরভ, রাজবাড়ীর হেলাল, মুজিবনগরের বাগোয়ানের হালিমা খাতুন, দামুড়হুদা শিবনগরের বেলী খাতুন ও বড় বলদিয়ার শাহিনা খাতুন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারি পরিচালক রফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই দুই চালক মারা গেছেন। 
 
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীবুল ইসলাম জানান, আহত যাত্রীর মধ্যে আরোজ আলী হাসপাতালে পৌঁছানোর পর পরই মারা গেছেন।