জিদানের রাতে জয় চায় রিয়াল

জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর সমর্থন যেমন পেয়েছেন তেমনি ফরাসি কিংবদন্তির সমালোচনাও করেছেন অনেকে। কারা সঠিক- আজ রাতেই তার একটি জবাব দিতে পারবেন জিজু। বার্নাব্যুতে লা লিগার ম্যাচে রাত দেড়টায় দেপোর্তিভো লা করুনাকে আতিথ্য দেবে জিদানের রিয়াল। সমালোচক গোষ্ঠীকে ভুল প্রমাণ করতে জিদানকে নিশ্চয়ই জয় উপহার দিতে চাইবেন ক্রিস্টিয়ানো রোনালদো-করিম বেনজেমারা।
 
রাফায়েল বেনিতেজের সময় মাঠের সমস্যার চেয়ে ড্রেসিং রুমের সমস্যাই ছিল প্রধান। জিদানের তেমন কোনো সমস্যা নেই। কার্লো আনচেলোত্তির সহকারী থাকাকালে রোনালদো, বেনজেমা, গ্যারেথ বেল থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গেই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি করে নিয়েছেন ফরাসি কিংবদন্তি। কোচ হিসেবে জিদানকে নিয়োগ দেয়ার পর বেনিতেজকে বিদায়ী সম্ভাষণের তুলনায় জিদানকে আগমনী শুভেচ্ছা জানাতেই সামাজিক মাধ্যমে ব্যস্ত ছিলেন সার্জি রামোস, টনি ক্রুস, গ্যারেথ বেলরা। রিয়ালে জিদানের প্রধান শক্তি হতে পারে শিষ্যদের এই শ্রদ্ধাই।
 
রিয়ালের দায়িত্বে প্রথম খেলার আগে জিদানের কণ্ঠেও ফুটে উঠেছে একই রকম সুর। ফরাসি তারকা বলেন, ‘সবার সঙ্গেই সুসম্পর্ক রাখতে চাই। কারণ এটাই ভালো করার মূল মন্ত্র। খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়াটাই একজন কোচের প্রধান অস্ত্র।’
 
আর ঘোষণাটা যে ফাঁকা বুলি নয় সেটা বোঝা গেল ইসকোকে নিয়ে জিদানের অবস্থানের প্রেক্ষিতে। বেনিতেজের সঙ্গে ব্যক্তিগত রেষারেষির কারণে মৌসুমের অধিকাংশ খেলায় প্রাথমিক একাদশে জায়গা হয়নি স্প্যানিশ মিডফিল্ডারের। তাই রিয়াল ছেড়ে জুভেন্টাস কিংবা ম্যানচেস্টার সিটিতে যাওয়ার জন্য প্রকাশ্যভাবেই উদগ্রীব ছিলেন ইসকো। কিন্তু দায়িত্ব নেয়ার পর জিদান ঘোষণা দেন, ‘ইসকো বিক্রির জন্য নয়।’ স্বাভাবিকভাবেই জিদানের একাদশে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন তিনি।
 
তবে রক্ষণভাগে রাফায়েল ভারানে এবং পেপেকে নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন জিজু। একবছর আগে নিজের ‘ড্রিম টিম’-এ ডিফেন্ডার হিসেবে ভারানের পরিবর্তে পেপেকে রেখেছিলেন জিদান। অন্যদিকে ভারানকে বার্নাব্যুতে আনতে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে প্রভাবিত করেছিলেন তিনিই। কিন্তু দু’জনকে একসাথে খেলানো আপাত দৃষ্টিতে সম্ভব নয়।
 
প্রাথমিক একাদশ নির্বাচন ছাড়াও জিদান শিষ্যদের কোন ফর্মেশনে খেলান সেদিকেও চোখ থাকবে রিয়াল ভক্তদের। রিয়ালের ‘বি’ দল ক্যাস্টিলায় ৪-২-৩-১ ফর্মেশনে শিষ্যদের খেলিয়েছেন জিদান। বেনিতেজ ক্লাবে আসার বেছে নিয়েছিলেন এই ফর্মেশনই। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় শেষের দিকে ১১ খেলায় ৪-৩-৩ ফর্মেশনে দল সাজিয়েছিলেন স্প্যানিশ কোচ। যার ফল ছিল আরো ভয়াবহ। একদিকে বেনিতেজর অভিজ্ঞতা অন্যদিকে নিজের দীর্ঘদিনের ভালোবাসার কারণে ৪-২-৩-১ ফর্মেশনেই আজ দল সাজাতে পারেন জিদান।
 
একই রাতে আজ মাঠে নামবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা বার্সেলোনাও। নু ক্যাম্পে তাদের প্রতিপক্ষ গ্রানাডা। লা লিগায় সর্বশেষ ম্যাচে ড্র’র ফলে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে আছে রিয়াল। ১৮ খেলায় রিয়ালের পয়েন্ট ৩৭। এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট ৩৯। সবার উপরে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪১। আজকে জিতলে অ্যাথলেটিকোকে হটিয়ে অন্তত এক দিনের জন্য শীর্ষে উঠে যাবে বার্সেলোনা।-মার্কা/বিবিসি