ভারতে দুই বছর কারাভোগের পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে শুক্রবার দিবাগত রাতে দেশে ফিরল ১২ বাংলাদেশি। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- শাপলা বেগম (২১), হালিমা বেগম-১ (২৩), নয়ন তারা (২০), আকলিমা খাতুন (২৪), সাথী বেগম (২৫), হালিমা বেগম-২ (২২), জেসমিন আক্তার (২২), মোমেনা খাতুন (২৪), আয়শা খাতুন (২৬), ইতি খাতুন (২৩), সাব্বির হাওলাদার (২৫), সাইফুল হাওলাদার (২৪)। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, মৌলভীবাজার, ঝিনেদা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দেশে ফেরত আসা ১২ বাংলাদেশি দালালের মাধ্যমে দুই বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে কাজের জন্য ভারতে বোম্বে যায়। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে তারা আটক হয়। সেখান থেকে পুলিশ তাদের জেলহাজতে পাঠায়। ভারতের আদালত তাদের সাজা দেয়। সেখান থেকে মুম্বায়ের কান্দাবালী রেসকিউ ফাউন্ডেশন নামের একটি এনজিও তাদের জেল থেকে মুক্ত করে নিজেদের হেফাজতে নেয়।
ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ এর মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন আইনি কার্যক্রম শেষ ১২ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখানে ও আইনি প্রক্রিয়া শেষে যশোর মানবাধিকার সংস্থার কর্মকর্তা তৌফিকুজ্জামান তাদেরকে গ্রহণ করে।