গাংনী পৌর শহরের আলোচিত মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান ওরফে হাফিকে (৫০) গাঁজা বিক্রির অভিযোগে আবারো ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) আবুল আমিন।
একই আইনে গাঁজা কেনার অপরাধে রফিকুল ইসলাম (২২) নামের আরো একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে একই আদালত।
শনিবার গাংনী থানাপাড়া এলাকায় বেলা ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
হাফিজুর রহমান হাফি গাংনী পৌর শহরের গাংনী ডিগ্রী কলেজপাড়া এলাকার মৃত হারেজ উদ্দীনের ছেলে। রফিকুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার বারুড়িয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের জিয়ারুল হকের ছেলে।
এর আগে সকালের দিকে গাংনী থানা পুলিশের একটি দল কাথুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এ দুজনকে আটক করে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, হাফিজুর রহমানকে এর আগেও মাদক বিক্রির অভিযোগে ২ বছর কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠায় ভ্রাম্যমাণ আদালত।
পাঁচ মাস সাজার পর সম্প্রতি জামিনে বেরিয়ে এসে আবারো মাদক ব্যবসা শুরু করেছেন। গাংনী থানায় হাফিজুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে প্রায় ১১ টি মামলা রয়েছে।