কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন স্যামি, রাসেল

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এর কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন টি টোয়েন্টি  অধিনায়ক ড্যারেন স্যামিসহ আরো কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০১৫ সালের ১ অক্টোবর থেকে ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যারিবীয় বোর্ডের সাথে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা শুক্রবার প্রকাশ করেছে ডব্লিউইআইসিবি।
 
বাদ পড়া খেলোয়াড়দের তালিকায় আরো রয়েছেন আন্দ্রে রাসেল, সুনিল নারিন, ডোয়াইন ব্র্যাভো ও শিবনারায়ণ চন্দরপল। এদের পরিবর্তে ১৫জনের কেন্দ্রীয় তালিকায় নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েইট, জার্মেই ব্ল্যাকউড, লিও জনসন, শেন ডরউইচ, শাই হোপ ও রাজেন্দ্র চন্দ্রিকা।
 
ভারতের বিপক্ষে ২০১৪ সালের অক্টোবরে সিরিজ বয়কটের পর থেকে ডুয়াইন ব্র্যাভো ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে আর সুযোগ পাননি। অন্যদিকে অবৈধ বোলিং একশনে অভিযুক্ত নারিন গত বছরের নভেম্বর থেকে নিষেধাজ্ঞায় আছেন। সংক্ষিপ্ত ফরম্যাটে স্যামি ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়ে আসছেন। কিন্তু সম্প্রতি ৫০ ওভারের ফরম্যাটে জাতীয় দল থেকে নিজের জায়গা হারিয়েছেন। ১৬৪ ম্যাচে ১১,৮৬৭ রান করা ৪১ বছর বয়সী চন্দরপল ২০১৫ সালের মে মাসে সর্বশেষ টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন। বাসস।