জয়পুহোটের আক্কেলপুরে আদিবাসী মুণ্ডা সম্প্রদায়ের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ, জয়পুরহাট জেলা শাখা এই অভিযোগ করে।
অভিযোগ সূত্রে জানা যায়, আক্কেলপুর উপজেলার শিয়ালপাড়ায় আদিবাসী মুণ্ডা সম্প্রদায়ের বসবাস। স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন থেকে আদিবাসীদের জায়গা জমি দখলের চেষ্টা করে আসছে। এ বিষয়ে আক্কেলপুর থানা সহকারী জজ আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে। এর মধ্যে শুক্রবার আক্কেলপুর থানার ওসি সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশ ও এলাকার আতোয়ার রহমান, সাদেক আলী সহ অন্যরা আদিবাসীদের উপর হামলা চালায় এবং জোর করে জমি দখলের চেষ্টা করে। এ সময় ভীম পাহান, শ্যামল পাহান, মোহনলাল পাহান, মাধব পাহানকে বেঁধে মারপিট করা ও ঘরের জিনিসপত্র ভাংচুরের অভিযোগ করা হয়।
এ ঘটনায় উজ্জ্তল পাহান বাদী হয়ে শুক্রবারেই আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ওসি সাজ্জাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু জানেন না বলে ইত্তেফাক’কে বলেন। তবে আদিবাসীদের একটি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সচিন চন্দ্র মুণ্ডা, কোষাধ্যক্ষ সুধির তির্কী, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, আদিবাসী ছাত্র পরিষদ জয়পুরহাট জেলা শাখার আহবায়ক সুরেশ রবিদাস, যুগ্ম আহবায়ক নিকোলাস খালকো উপস্থিত ছিলেন।