গুরুদাসপুরে সাংবাদিককে পেটালো যুবলীগ নেতা, প্রতিবাদে রবিবার মানবন্ধন

নাটোরের গুরুদাসপুর উপজেলা সংবাদদাতা রাশিদুল ইসলামকে (২৫) পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামারুজ্জামান মিলন পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত রাশিদুল দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা।
 
এ ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করবে স্থানীয় সাংবাদিকরা।
 
শনিবার দুপুরে থানা সংলগ্ন কেন্দ্রীয় মসজিদ গেটের সামনে এ ঘটনা ঘটে। সাংবাদিক রাশিদুলকে গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, তার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। অধিক পর্যবেক্ষণের পর বিস্তারিত জানানো হবে।
 
জানা গেছে, হামলাকারী মিলন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আকতার মিতার ছেলে।
 
এ ঘটনায় রাশিদুল বাদী হয়ে কামরুজ্জামান মিলন (৩০) তার সহযোগী মাসুদ (৩০) ও কাওছারকে (২২) অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
 
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’