মহাসড়কে দোকান বসানোকে কেন্দ্র করে একদল চিহ্নিত সন্ত্রাসী গতকাল শনিবার টঙ্গী চেরাগআলী মার্কেটের একটি চশমার দোকানে হামলা ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ২ জন ব্যবসায়ী আহত হয়েছেন। তারা হলেন কলেজ অপটিকস-এর মালিক মনির ও তার ভাই ওমর ফারুক।
ব্যবসায়ীরা জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে মহাসড়ক যানজটমুক্ত রাখতে পুলিশ সড়কের উভয় পাশের ফুটপাতের সব দোকানপাট উচ্ছেদ করেছে। এরপরও এসব দোকান থেকে নিয়মিত চাঁদা আদায়কারী সন্ত্রাসীরা নিজেদের তত্ত্বাবধানে ফুটপাতের ওপর দোকানপাট বসাতে থাকে। গতকাল বিকালে চেরাগআলী মার্কেটে কলেজ অপটিকস-এর একটি মাইক্রোবাস তাদের দোকানের সামনে মহাসড়কে পার্কিং করা ছিল।
ফুটপাত নিয়ন্ত্রণকারী টঙ্গীর চিহ্নিত সন্ত্রাসী ইসমাঈলের নেতৃত্বে একদল সন্ত্রাসী বিকাল সাড়ে ৪টায় কলেজ অপটিকস-এর মাইক্রোবাসটিকে সেখান থেকে সরিয়ে তদস্থলে ভ্যানগাড়িতে দুটি দোকান বসাতে চাইলে সামনের দোকান মালিকরা বাধা দেন। ক্ষিপ্ত হয়ে ইসমাইল, জনি ও রনির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা চশমার দোকানে হামলা চালায় এবং দোকানের ভিতর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মার্কেটে ত্রাসের সৃষ্টি করে।
সন্ত্রাসীরা দোকানের বিপুলসংখ্যক চশমা ও ডেকোরেশন সামগ্রী ভেঙে চুরমার করে। দোকানের সামনে রাখা কলেজ মাইক্রোবাসটিও ভাংচুর করা হয়। টঙ্গী পুলিশ ঘটনাস্থলে ককটেলের স্প্লিন্টার জব্দ করে।