বড় জয়ে শুরু জিদানের কোচিং অধ্যায়

রিয়াল মাদ্রিদ থেকে কোচ রাফা বেনিতেজের বিদায়ের পর শোনা যাচ্ছিল সবচেয়ে কষ্ট পেয়েছেন গ্যারেথ বেল। তবে নতুন কোচ জিনেদিন জিদানের অভিষেকটা সেই বেলই রাঙিয়েছেন দারুণ এক হ্যাটট্রিকে। 
 
৫-০ গোলের দারুণ এক জয়ে শুরু হলো জিদানের রিয়ালের কোচিং অধ্যায়। ২০১৬ সালে এটাই রিয়ালের প্রথম জয়। এ বছরের প্রথম ম্যাচে গত রোববার ভ্যালেন্সিয়ার মাঠে ২-২ গোলে ড্র করেছিল রোনালদোরা। তারপরই রাফায়েল বেনিতেজকে সরিয়ে জিদানকে দায়িত্ব দেয় ইউরোপের সফলতম ক্লাবটি।  শনিবার রাতে শুরুতেই গোল খেতে বসেছিল রিয়াল। একাদশ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে লুকাস পেরেসের শট গোলরক্ষক কেইলর নাভাস কোনোমতে ঠেকিয়ে দেন। খানিক পরেই অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল; সাত মিনিটের ব্যবধানে জোড়া গোলে এগিয়ে যায় তারা।
 
পঞ্চদশ মিনিটে কর্নার থেকে জটলার ভেতর দিয়ে নেওয়া সার্জিও রামোসের শটে ব্যাকহিল করার চেষ্টা করেছিলেন বেনজেমা। ঠিকমতো পা লাগাতে পারেননি, তবে বল গোললাইন পেরিয়ে যায়। রিয়ালের জার্সিতে লা লিগায় বেনজেমার এটা শততম গোল।
 
২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যারেথ বেল। ডান দিকে কারভাহালের দুর্দান্ত ক্রসে হেড করে বল জালে জড়ান ওয়েলসের এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বেল। ডান দিক থেকে রোনালদোর নিচু ক্রসে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান টটেনহ্যাম হটস্পার্সের সাবেক এই ফরোয়ার্ডের। ৬৩তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বেল। টনি ক্রুসের কর্নারে লাফিয়ে উঠে চমৎকার হেডে গোলটি করেন। লা লিগার এ মৌসুমে এটি তার দ্বাদশ গোল।
 
এই সময়ে লিগে সতীর্থদের দিয়ে নয়টি গোলও করান তিনি। এর আগে গত মাসে লিগে রায়ো ভায়োকানোকে ১০-২ গোলে হারানোর ম্যাচে একাই চার গোল করেছিলেন বেল। যোগ করা সময়ে আবারও হতাশায় পোড়েন রোনালদো, ডি বক্সের মধ্যে গোল করার মতো জায়গায় থেকেও বল হারিয়ে ফেলেন। তবে কাছেই থাকা বেনজেমা সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি, জোরালো শটে এবারের লিগের চতুর্দশ গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন।
 
এই জয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল। ১৯ ম্যাচে জিদানের দলের পয়েন্ট ৪০। লুইস এনরিকের দল অবশ্য এক ম্যাচ কম খেলেছে। গোল.কম।