জাতীয় দলের অধিনায়ক, কোচ আনুষ্ঠানিকভাবে তাদের সাথে কথা বলেছেন। নিজ উদ্যোগে মুশফিকুর রহিম অনেকের সাথে কথা বলেছেন। গতকালও দেশের কিংবদন্তী সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলকে দেখা গেলো মাঠের পাশে।
এসব একটা দারুণ আবহ তৈরি করেছে। চাইলে বাংলাদেশ যুব দল এই সবার কথাবার্তা থেকে অনুপ্রেরণা নিতে পারেন। তবে গতকাল স্টুয়ার্ট ল বলছিলেন, অনুপ্রেরণা অবদি ঠিক আছে; কিন্তু চাপ কোনোভাবেই তৈরি করা যাবে না। কদিন আগে মাশরাফি যেমনটা বলে এসেছেন, লও বললেন, ট্রফি নয়, ভালো খেলা লক্ষ্য করেই ছুটতে হবে যুব দলকে।
এই লক্ষ্যটা আরেকটু শক্ত করতে বিশ্বকাপকে সামনে রেখে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ যুব দলের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ। তার আগে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই বিশেষজ্ঞ উপদেষ্টা বলছিলেন, তিনি মনে করছেন এই ছোট ছেলেদের ওপর চাপটা একটু বেশি তৈরি করা হচ্ছে, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয়, ছোট ছোট এই ছেলেদের ওপর বাইরে থেকে একটু বেশি চাপ দেয়া হচ্ছে। ক্রিকেট খেলায় ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- এগুলো নিজেরাই যথেষ্ট চাপ তৈরি করতে পারে। এরপর আরো চাপ দিলে এক ধরনের দ্বিধা তৈরি হয় ছেলেদের। আমি ওদের বারবার যেটা বলছি, টুর্নামেন্ট জেতা নিয়ে চিন্তা করো না, ছোট ছোট ব্যাপার নিয়ে ভাবো। আমরা যদি ছোট ছোট কাজ ঠিক না করতে পারি, তাহলে আমাদের বিশ্বকাপ জেতার যোগ্যতাই রইলো না। ফলে ভালো খেলা নিয়ে ভাবো, নিজের ভূমিকা নিয়ে ভাবো। সেটা করতে পারলে আমরা ভালো ফল পাবো, কাপও হয়তো জিতবো।
এই চাপটা টুর্নামেন্ট শুরু হলে আরো বাড়বে বলেও আশঙ্কা করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই কোচ, দেখুন মানসিকতা নিয়ে অনেক কথা বলা সহজ; কিন্তু একবার এই ধরনের টুর্নামেন্ট একবার শুরু হলে অনেক জায়গা থেকে, ড্রেসিংরুমের বাইরে থেকে চাপ আসতে থাকে। আমরা যদি সেটার সাথে খাপ খাইয়ে নিতে পারি, সব দারুণ হবে। আমি মনে করি, দল এখন একেবারে সঠিক পথে আছে।
তবে বাইরের চাপ বাদ দিলে দলের উন্নতি ও বর্তমান অবস্থায় খুবই সন্তুষ্ট ল। তিনি এখন আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটার দিকে তাকিয়ে আছেন, আমি আসার পরেও অনেক উন্নতি দেখলাম, এটা অসাধারণ ব্যাপার। এ সপ্তাহে আমরা অল্প কিছু স্কিল নিয়ে কাজ করেছিলাম। ম্যাচ পরিস্থিতিতে দেখলাম সেটা ভালো কাজে লেগেছে। ছেলেরা খুব ভালো করছে। আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিকে তাকিয়ে আছি। এই সিরিজে আমরা বুঝতে পারবো, কার-কী ভূমিকা।
ল ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন, তার দলটা খুবই ভারসাম্যপূর্ণ, আমার ধারণা আমাদের ভিত্তি খুব ভালো। দলে ভালো স্পিনার আছে, ভালো ফাস্ট বোলার আছে, আমাদের পাওয়ার হিটাররা খুব ভালো। নির্বাচকরা দারুণ দল করেছেন। আমাদের ঝুলিতে অনেক অস্ত্র আছে। এখন কেমনভাবে সেটা প্রয়োগ করি, সেটাই ব্যাপার।