মো. কবির হোসেন (সুজন), সিনিয়র প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। পরীক্ষার খুবই সন্নিকটে। তাই তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো। আশা করি তোমাদের সংগ্রহে থাকবে।
উদ্দীপক : জাতীয় রাজস্ব বোর্ড তৈরী পোশাক শিল্পে তৈরীকৃত পোষাক রপ্তানীতে শুল্কমূক্ত সুবিধা প্রদান করে থাকেন। ঠিক এই রকম দলিল দক্ষিণ এশিয়ার সার্কভূক্ত দেশের সম্মতিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যাতে ভারত বাংলাদেশকে দ্বিপাক্ষিক MOU এর অধীনে পোশাক পণ্যে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা দিয়েছে।
ক) EU কী?
খ) SME Foundation বলতে কি বুঝায়?
গ) উপরের উদ্দীপকে কোন ধরণের সহায়ক সেবার কথা বলা হয়েছে? আলোচনা কর।
ঘ) উদ্দীপকে কোন চুক্তির আলোকে বাংলাদেশ কোটামুক্ত সুবিধা ভোগ করে থাকেন? তোমার মতামত দাও।
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর: ইউরোপীয় দেশগুলো নিজেদের মধ্যকার বন্ধনকে মজবুত করে নিজেদের একটা অর্থনৈতিক ও রাজনৈতিক পরাশক্তি হিসেবে গড়ে তোলার অভিপ্রায়ে যে ইউনিয়ন গঠন করে কাজ করছে তাকে ইউরোপীয় ইউনিয়ন বা EU বলে।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর: দেশের ক্ষুদ্র ও মাঝারী প্রতিষ্ঠানসমূহকে বিশেষ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এগিয়ে নিতে দাতা দেশ ও সংস্থাগুলোর সহায়তায় সরকার বিশেষ যে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে সেটাই SME Foundation নামে পরিচিত।
বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানে ৯০% ই ক্ষুদ্র ও মাঝারী খাতের অন্তর্ভূক্ত। শিল্পে নিয়োজিত জনশক্তির ৯০% ক্ষুদ্র ও মাঝারী খাতের অন্তর্ভূক্ত। তাই এই খাতের উন্নয়নের জন্য ঋণ প্রবাহ বৃদ্ধি মনে করে বাংলাদেশ ব্যাংক ও দাতা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এই খাতে ঋণ দিতে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশ ব্যাংক, আইডিএ, এডিবি, জাইকা নারী উদ্যোক্তা তহবিল হতে এই খাতে অর্থায়ন করা হয়।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে সংরক্ষণমূলক সহায়ক সেবার কথা বলা হয়েছে।
ব্যবসায় গঠনে সহায়তা পাবার পর ব্যবসা পরিচালনায় উদ্যোক্তাদের উত্সাহ উদ্দীপনা ধরে রাখার জন্য যে ধরণের সেবার প্রয়োজন হয় তাকে সংরক্ষনমূলক সেবা বলা হয়।
সরকার জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আমদানী, রপ্তানী ও অন্যান্য খাত হতে রাজস্ব আয় করে থাকেন। জাতীয় বাজেটের আলোকে বোর্ড বিভিন্ন হারে সরকারের রাজস্ব আহরণ করে থাকেন। তবে বিনিয়োগ বৃদ্ধি কল্পে পাশাপাশি রপ্তানী বৃদ্ধিতে বোর্ড অনেক সময় শুল্ক হার কমিয়ে ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে আকৃষ্ট করে থাকেন। উদ্দীপকেও তৈরী পোশাক শিল্পের উত্পাদিত পোশাক রপ্তানীতে শুল্কমূক্ত সুবিধা প্রদান করে উত্পাদন প্রতিষ্ঠানগুলোকে উত্সাহ ও উদ্দীপনা দিয়ে ব্যবসা পরিচালনায় সহায়তা করে থাকেন। তাই এই বিষয়টি ব্যবসায়কে সংরক্ষণ করে থাকেন।
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে SAPTA (South Asian Free Trade Agreement) চুক্তির যথার্থতা তুলে ধরেছেন।
সার্কভূক্ত দেশ সমূহ নিজেদের মধ্যে বাণিজ্যিক সহযোগীতা বৃদ্ধি ও সম্পসারণের লক্ষ্যে যে চুক্তিতে আবদ্ধ হয় তাকেই দক্ষিণ এশীয় অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি বা SAPTA বলা হয়।
দক্ষিণ এশিয়ার সার্কভূক্ত দেশের সম্মতিতে SAPTA নামক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে বাংলাদেশ, ভারত একটি দ্বিপাক্ষিক MOU (Memorandum of understanding) এর অধীনে বাংলাদেশকে পোশাক পণ্যে শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা প্রদান করেন।
এই চুক্তির ফলে বাংলাদেশ, ভারত নির্দিষ্ট কোটার বাহিরের শুল্কমুক্ত সুবিধা ভোগ করে পণ্য রপ্তানী করে থাকেন। এতে যেমনি বাংলাদেশ ভারতের বাণিজ্যিক ঘাটতি কিছুটা হলেও কমানো সম্ভব হয়েছে। তবে এই সুবিধা সার্কভূক্ত অন্য দেশ সমূহ ও অর্জন করা জরুরী। এতে করে সার্কভূক্ত দেশ সমূহের বাণিজ্যিক ঘাটতি কিছুটা হলে ও লাঘব হবে।