নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার সকালে ও দুপুরে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ছাবিনা বেগম (৫০) নামে প্রাণ কোম্পানিরর এক শ্রমিক ও আরাফাত (৩) নামে এক শিশু রয়েছে। ছাবিনা সদর উপজেলার লেঙ্গুরিয়া এলাকার সাদেক আলীর স্ত্রী ও আরাফাত লালমনিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সকালে ছাবিনা কর্মস্থলে যাওয়ার সময় নাটোর-রাজশাহী মহসড়কের ডাকমারা গোরস্থান এলাকায় বরিশালগামী যাত্রীবাহী একটি বিআরটিসি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এঘটনায় ক্ষুদ্ধ শ্রমিক ও এলাকাবাসী ডাকমারা গোরস্থান এলাকায় প্রায় এক ঘণ্টা নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে নাটোর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস চালককে শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
এদিকে সদর থানার লালমনিপুর গ্রামে একটি ট্রলির সাথে ধাক্কা লেগে আরাফাত নিহত হয়। বেলা বারোটার দিকে বাড়ির পাশ দিয়ে আখ বোঝাই ঐ ট্রলী নাটোর চিনিকলে যাচ্ছিল। এসময় আরাফাত রাস্তায় এলে ট্রলিটি তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।