গুরুদাসপুরে ইত্তেফাকের সাংবাদিককে নির্যাতন, প্রতিবাদে মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরে দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা রাশিদুল ইসলামের নির্যাতনকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সংবাদকর্মিরা। রবিবার বেলা ১১টার দিকে থানা মোড়ে এই কর্মসুচি পালন করা হয়। 

 

সাংবাদিক শাহজাহান আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন গুরুদাসপুর বার্তার সম্পাদক সাজেদুর রহমান, সমকালের এমএম আলী আক্কাছ, প্রথম আলোর আনিসুর রহমান, কালেরকণ্ঠের  মো. মাজেম আলী ও নির্যাতিত সাংবাদিক রাশিদুল ইসলাম প্রমুখ।

 

মানববন্ধন শেষে অভিযুক্তদের গ্রেফতার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরারব স্মারকলিপি দেয়া হয়। নির্বাহী কর্মকর্তা ছুটিতে থাকায় তার অফিস সহকারী স্মারকলিপির কপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- গত শনিবার দুপুরে গুরুদাসপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধি রাশিদুল ইসলামকে থানা সংলগ্ন মসজিদ গেটের সামনে শারীরিক নির্যাতন করেন। এ নিয়ে শনিবার মিলন ও তার দুই সহযোগির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেন  রাশিদুল ইসলাম। রবিবার পর্যন্ত তাদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন জানান, অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পৌরযুবলীগের সভাপতি তাহের সোনা বলেন, বিষয়টি স্থানীয়ভাবে আপোষ করার চেষ্টা চলছে।