ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল-শিক্ষক নিহত

বগুড়ার গাবতলী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুল-শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক শিক্ষক। নিহত খোরশেদ আলম বাবু (৫২) উপজেলার চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকার শিক্ষক ছিলেন।
 
রবিবার বিকেলে উপজেলাধীন বগুড়া-সারিয়াকান্দি সড়কের সন্ধ্যাবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। একই উপজেলার ক্ষিদ্রপেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত আব্দুল লতিফ মিঠু (৪৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
জানা গেছে, বিকেল তিনটার দিকে ওই দুই শিক্ষক মোটরসাইকেলে করে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের চালক খোরশেদ আলম বাবু চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলছিলেন। এ সময় উপজেলাধীন ওই সড়কের সন্ধ্যাবাড়িতে সারিয়াকান্দিগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাবু মারা যান। স্থানীর লোকজন আহত অবস্থায় আব্দুল লতিফ মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।
 
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটকের চেষ্টা চলছে।