মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদনের কারণে চট্টগ্রামে ছয়টি দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর মুরাদপুর, সিরাজদ্দৌলা রোড ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে।
রুহুল আমীন জানান, মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদন ছাড়া ভারতীয় ওষুধ বিক্রি করায় মুরাদপুর এলাকার ক্যাল ফার্মাকে ১০ হাজার, হোমিও হেলথ কেয়ারকে ১০ হাজার, আধুনিক হোমিও হলকে ১০ হাজার, সেবা ফার্মাকে ২ হাজার এবং সিরাজুদ্দৌলা রোডের মেডি ব্রাইট ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমাণ ওষুধ পাওয়ায় সিরাজদ্দৌলা রোডের জয় পাঞ্জাব ফার্মেসি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
নোংরা পরিবেশ, টয়লেটের পাশে তৈরি খাবার রাখায় একই এলাকার দত্ত সুইটসের মালিক রিন্টু বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।
এই মিষ্টির দোকান থেকে জব্দ মিষ্টিসহ অন্যান্য উপাদান পাশের নর্দমায় ফেলে দেয়া হয়।