সোনারগাঁওয়ে লোকজ উৎসব বন্ধের হুমকি সংসদ সদস্যের

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কতৃক আয়োজিত এবারের লোকজ উৎসব বন্ধ করার হুমকি দেয়া হয়েছে। শুধু হুমকিই নয় ফাউন্ডেশনে কর্মরত এক সরকারি কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়েছে।
 
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ-৩ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এ কাণ্ড ঘটিয়েছেন।
 
জানা গেছে, রবিবার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতা-কর্মী নিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ফুল দিতে যান বিরোধী দলীয় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা লিয়াকত হোসেন খোকা। ফুল দেয়া শেষে তিনি ফাউন্ডেশনের প্রশাসনিক ভবনের সামনে হৈ চৈ শুরু করেন। ফাউন্ডেশনের কর্মকর্তা (ডিসপ্লে অফিসার) আবুল কালাম আজাদ এগিয়ে এসে কথা বলতেই খোকা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিয়ে কয়েকটি চড়-থাপ্পর মারেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক ওই কর্মকর্তার এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করে। ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা এ সময় লাঞ্ছিত কর্মকর্তাকে উদ্ধার করে নিয়ে যায়।
 
এ ঘটনার পর এমপি উপস্থিত কর্মকর্তাদের হুমকি দিয়ে বলেন, ‘আমাকে (এমপি) না জানিয়ে এবারের লোকজ মেলার কোন স্টল বরাদ্দ দেয়া যাবেনা। স্টলের ফাইল নিয়ে পরিচালককে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, নইলে মেলা বন্ধ করে দেয়া হবে।’
এ ধরনের হুমকি পেয়ে সাময়িকভাবে স্টল নির্মানের কাজ বন্ধ রাখে শ্রমিকরা।
 
ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ জানান, ঘটনার সময় তিনি ফাউন্ডেশনে ছিলেন না। ঘটনা শুনে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়। পরে তার কার্যালয়ে এসে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে কথা বলে স্টলের নির্মাণ কাজ শুরু করা হয়। তবে ঘটনাটি অনাকাঙ্খিত।
 
সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, ‘বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে ফাউন্ডেশনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদনের জন্য গিয়ে দেখি কতৃপক্ষের কোনো প্রস্তুতি নেই। শ্রদ্ধা জানানোর পর অফিসে গিয়ে সে বিষয়ে জানতে চাই। এমন সময় কে বা কারা ওই কর্মকর্তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে। আমি তাৎক্ষণিক পরিস্থিতি স্বাভাবিক করে চলে যাই। তবে মেলা বন্ধের বিষয়ে তিনি কোনো হুমকি দেননি বলে জানান।