নীলফামারীর সৈয়দপুর একই রাতে শহরের নতুন বাবুপাড়া পুলিশ লাইনের পেছনে ও বাঁশবাড়ি ২নম্বর ক্যাম্প এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুটি বাড়ি থেকে নগদ অর্থ, ১০ ভরি স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছে।
জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নতুন বাবুপাড়ার পুলিশ লাইনের পেছনে এনজিও কর্মকর্তা সাইফুল ইসলামের বাড়িতে একদল সশস্ত্র ডাকাতদল কলাপসিকল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ।অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে ৪ ভরি স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে যায় ডাকাতদল। এসময় গৃহকর্তা সাইফুল ইসলাম বাড়িতে ছিলেন না।
অপরদিকে ২ ঘণ্টা পরে বাঁশবাড়ি মহল্লার পলিথিন ব্যবসায়ী সামসুদ্দিন অরুনের বাড়িতে ১০-১৫ জনের মুখোশধারী ডাকাতদল একই কায়দায় গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ডাকাতদের ধরতে পারেনি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এই ঘটনায় গৃহকর্তা সাইফুল ইসলামের স্ত্রী বিথী বাদি হয়ে মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।