চৌমুহনী পৌরসভার স্থগিত ১০ কেন্দ্রে পুনঃনির্বাচন মঙ্গলবার

নোয়াখালীর চৌমুহনী পৌরভার স্থগিত ১০ কেন্দ্রে পুনঃনির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে রবিবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 
 
এ সময় তিনি জানান, স্থগিত কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। ভোট কেন্দ্র ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 
এদিকে পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানিয়েছেন, বিপুল সংখ্যক পুলিশ, আনসার, বিডিবির পাশাপাশি বিজিবি ও র‌্যাব ভোট কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলায় নিয়োজিত থাকবে। প্রতি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।
 
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত চৌমুহনী পৌরসভার নির্বাচনে গোলযোগ ও অনিয়মের অভিযোগে ২০টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেন সংশ্লিস্ট প্রিজাডিং অফিসাররা। স্থগিত কেন্দ্রগুলোর ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১০ জন। প্রতিদ্বন্ধিতায় রয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তিনজন মেয়র, ২১ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ প্রার্থী। 
 
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ঘোষিত ১০ কেন্দ্রের ফলে আওয়ামী লীগের আক্তার হোসেন ফয়সল পেয়েছেন ৭৩২৭ ভোট ও বিএনপির প্রার্থী জহির উদ্দিন হারুন পেয়েছেন ৫৭৯৩ ভোট।