দুই চোরাচালানীকে নিয়ে গেছে বিএসএফ

তাহিরপুর উপজেলার লাউড়েগড় সীমান্তের ১২০৩ নম্বর পিলার সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে কয়লা, মাদক ও ঘোড়া পাচার করার সময় দুই চোরাচালানীকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। আটককৃত চোরাচালানীরা উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ গ্রামের শফিত মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩০) ও লাউড়গড় গ্রামের ফিরুজ আলীর ছেলে সোহাগ মিয়া (২২)।
 
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার ভোরে সীমান্তের লাউড়গড় বিজিবি ক্যাম্প সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে বিজিবি সোর্স চিহ্নিত চোরাচালানী নুরু মিয়া, নবীকুল ও জজ মিয়া ভারত থেকে কয়লা, মাদক ও ঘোড়া পাচার করার সময় তাদের ২সহকারি চোরাচালানী সোহাগ মিয়া ও আনোয়ার হোসেনকে ধরে নিয়ে যায় বিএসএফ। এখনও পর্যন্ত তাদেরকে ফেরত দেয়া হয়নি। 
 
এ ব্যাপারে লাউড়গড় বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল হাকিম জানান, আটককৃত দুই চোরাচালানীদের ফেরত আনার জন্য চেষ্টা চলছে।
 
এদিকে গত শনিবার ৯টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট সীমান্তের রজনীলাইন গ্রামের ইয়াবা ও হেরুইন চোরাচালানী হেকমত আলী (২৭), তার সহযোগী কুতুব উদ্দিন (৩৫) ও মোহাম্মদ আলীকে (৪০) আটক করেছে পুলিশ।