দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইসহাকপুর গ্রামে ধানখেতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুরে ধানখেতে পানি দেওয়া নিয়ে ইসহাকপুর গ্রামের মজিদ মেম্বারের সঙ্গে একই গ্রামের হান্নান মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হান্নান মিয়ার সমর্থকরা শটগানের গুলি ছুড়লে মজিদ মেম্বারের পক্ষের চারজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।