সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে অবস্থিত টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পাহাড়ি টিলা কেটে অবৈধভাবে চুনাপাথর উত্তোলনের সময় পাথরের নিচে চাপা পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় শিশুসহ আহত হয়েছে আরো ১০ জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। মৃত লাল জাহান বেগম (৫০) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের আব্দুস ছোবাহানের স্ত্রী।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, টেকেরঘাট বিজিবি ক্যাম্প কমান্ডারকে প্রতি ট্রলি চুনাপাথর থেকে ১০০ টাকা উৎকোচ দিয়ে বুরুঙ্গাছড়া, রজনী লাইন, চানপুর, লাকমা, ভাঙ্গারঘাট ও টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প থেকে অবৈধভাবে প্রতিদিন চুনাপাথর উত্তোলন করে পাচার করছে বিজিবির সোর্স সোনালী মিয়া, শহিদ মিয়া, দিলোয়ার হোসেন, মরা সিদ্দিক, জম্মত আলী, কাচাঁ মিয়া, নুরু মিয়া ও কদর আলী।
সোমবার বিকেল সাড়ে তিনটায় বিজিবি সোর্সরা কয়েক শ নারী ও পুরুষ শ্রমিক দিয়ে বিসিআইসির পাহাড়ি টিলা কেটে চুনাপাথর উত্তোলন করছিলেন। এ সময় টিলা থেকে চুনাপাথর ভেঙ্গে এক নারী শ্রমিকে উপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হয় ওই মৃত শ্রমিকের শিশু কন্যা আবুনী বেগমসহ ওই শ্রমিকরা।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘নারী শ্রমিকের মৃত্যু নিয়ে কারো কোনো আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।’