এক ফ্রেমে বদলা সিনেমার প্রযোজক শাহরুখ, অভিনেত্রী তাপসী ও অভিনেতা অমিতাভ বচ্চন
g বিনোদন ডেস্ক
পুরো ভারত এখন হলিউডি সিনেমা ‘ক্যাপ্টেন মার্ভেল’-এ মজেছে। এরমধ্যেই মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত ‘বদলা’। তবে মুক্তির প্রথম ৪ দিন হলিউডের সঙ্গে ভালোই টেক্কা দিয়েছে সিনেমাটি।
ছবিটি মুক্তি পেয়েছে গত রবিবার। ‘ক্যাপ্টেন মার্ভেল’-এর সঙ্গে প্রতিযোগিতা ও ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ থাকা সত্ত্বে ভালো আয় করেছে চলচ্চিত্রটি। ৪ দিনে সিনেমাটি আয় করেছে ২৬ কোটি ৯৬ লাখ রুপি। চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, এক সপ্তাহের আয়ে পিংক ও হানড্রেড টু নট আউটকে ছাড়িয়েছে বদলা। প্রথম ৩ দিনে বদলা’র আয় ২৩.২০ কোটি, পিংক-এর আয় ২১.৫১ কোটি, ‘হানড্রেড টু নট আউট’-এর আয় ১৬.৬৫ কোটি রুপি। অন্যদিকে ‘ক্যাপ্টেন মার্ভেল’ ২ দিনে বক্স অফিসে সংগ্রহ করেছে ২৭ কোটি ১১ লাখ রুপি।
বক্স অফিস ইন্ডিয়ার সূত্র অনুযায়ী, এর আগে মুক্তি পাওয়া অজয় দেবগন অভিনীত ‘টোটাল ধামাল’ এ পর্যন্ত আয় করেছে ১৩৬ কোটি রুপি। কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন অভিনীত ‘লুকা চুপি’র এ পর্যন্ত আয় ৬৫ কোটি রুপি। রোমাঞ্চকর কাহিনি অবলম্বনে নির্মিত স্প্যানিশ সিনেমা ‘দ্য ইনভিজিবল গেস্ট’, সেটিরই রিমেক সুজয় ঘোষ পরিচালিত ‘বদলা’। অপরাধ ও প্রতিশোধের গল্প নিয়েই এ সিনেমা। বদলা নয়না শেঠিকে নিয়ে আবর্তিত, যে চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। নয়না খুনের দায়ে অভিযুক্ত। তার শেষ আশ্রয়স্থল বাদল গুপ্ত, যে চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ৪০ বছরের ক্যারিয়ারে যিনি কোনোদিন হারেননি। তার বিশ্বাস, নয়না খুন করেননি। তবে এই যাত্রায় সত্য উন্মোচন করার জন্য তার হাতে সময় মাত্র ৩ ঘণ্টা! চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শাহরুখ খান। এদিকে ছবিটির এমন সাফল্যে খুশি প্রযোজক!