হেলে পড়া ভবন থেকে মালামাল সরানোর সুযোগের দাবিতে মিছিল

 
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে হেলে পড়ার শঙ্কায় সিলগালা করে দেয়া ভবনটির বাসিন্দারা মালামাল সরিয়ে নেয়ার সুযোগের দাবিতে মিছিল করেছেন। সোমবার বিকেল চারটার পরে ওই ভবনটির সামনে থেকে মিছিল নিয়ে বাসিন্দারা মাদ্রাসা রোডের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সামনে যান। তাঁরা ওয়ার্ড কাউন্সিলের সহায়তা চান।
 
ভবনটির বাসিন্দারা বলেন, ‘রাজউকের লোকজন আমাদের মালামাল সরানোর সুযোগ দেয়নি। তিন দিন ধরে আমরা এক কাপড়ে আছি। আত্মীয়ের বাসায় থাকছি। এভাবে কত দিন থাকব?’
 

এ ব্যাপারে রাজউকের অথরাইজড অফিসার আশরাফুল ইসলাম বলেন, ভবনটির বাসিন্দাদের ঘটনার দিন রাত নয়টা পর্যন্ত মালামাল মালামাল সরানোর সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু সে সময় তাঁরা মালামাল সরাননি। যেহেতু ভবনটি সিলগালা করা হয়েছে, তা​ই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দলের কাছ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ভবন খুলে দেয়া যাবে না।