বাণিজ্যমেলায় তরুণীদের পছন্দ জুয়েলারি ও কসমেটিকস

২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় তরুণীদের প্রধান আকর্ষণ দেশি-বিদেশি জুয়েলারি ও কসমেটিকসের প্রতি। এসব স্টলে নারীদের ভির লক্ষ্য করা গেছে।
 
সোমবার মেলা ঘুরে দেখা যায়, প্রতিটি জুয়েলারি-কসমেটিকস স্টলে নারীদের উপচে পড়া ভিড়। ভিড় হওয়ার কারণও আছে। প্রতিটি স্টলে নারীদের জন্য আকর্ষণীয় সব জুয়েলারি পণ্য পাওয়া যাচ্ছে।
 
মেলায় পাওয়া যাচ্ছে চায়নিজ, ইন্ডিয়ান, কোরিয়ান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের ৫০ টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত নানা ধরনের জুয়েলারি ও কসমেটিকস। এছাড়া মেলা উপলক্ষে প্রতিটা স্টলে দিচ্ছে আকর্ষণীয় নগদ ছাড়সহ গিফট বক্স। মেলায় এসেছে বিভিন্ন ডিজাইনের মালা, নেকলেস, ব্রেসলেট, লকেট চেইন, ব্যাগ, জুতা ও হাতঘড়ি, যা বাইরের চেয়ে ২০ শতাংশ কম দামে পাওয়া যাচ্ছে।
 
অ্যামবিশন মার্কেটিং কোম্পানির স্টল ম্যানেজার মো. রেদোয়ান করিম বলেন, আমাদের এখানে ব্যাংকক থেকে ব্যাগ, জুতা নিয়ে এসেছি। সীমিত দাম থাকায় তরুণীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তবে এখনো পর্যন্ত তেমন জমে উঠেনি। শুক্র ও শনিবার ক্রেতা ও দর্শনার্থীর ভিড় বাড়ে। অন্যতিন বিক্রি কম। আবার ক্রেতা অনেক থাকলেও বিক্রি তেমন ভালো না। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও ব্যবসা নেই। তবে আশা করছি সামনে আমাদের বিক্রি বাড়বে।
 
লালবাগ থেকে আসা সোনালী বালা বলেন, কামিজ ও কানের দুল কিনেছি। পছন্দ হলে আরো কিছু কিনবো। এই বছর আজকেই মেলায় প্রথম এসেছি। সামনে আবারো আসবো। তখন অনেক কিছু কেনা হবে।