নরসিংদীর মাধবদী পৌরসভায় আটটি ককটেলসহ আব্দুল কাদির (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ পৌরসভার মনোহরপুর এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ বলছে, ‘স্থগিত ঘোষিত মাধবদী পৌরসভার নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কাদির ঘুরাফেরা করছিলেন। এ সময় তাকে আটকের পর দেহ তল্লাশি চালানো হলে আটটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়।’
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনের ভোট গ্রহণের দিন কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের ঘটনায় ওই পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।