নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে ফেরি থেকে নামতে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত বজলুর রহমান (৪০) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভবনাথপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, বজলুর বাড়ি থেকে আড়াইহাজারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত আটটার দিকে বাঞ্ছারামপুর কড়ইকান্দি ফেরিঘাট থেকে বজলুর ফেরিতে উঠে। ফেরিটি বিশনন্দী ফেরিঘাটে ভিড়ানোর সামান্য আগেই বজলুর হুড়োহুড়ি করে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এ সময় ফেরি এবং ঘাটের মাঝখানে চাপা খেয়ে তার শরীর থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।