বাংলাদেশে মেসির একচ্ছত্র আধিপত্য

লিওনেল মেসির পঞ্চমবারের মতো ব্যালন ডি অর জেতায় অবদান আছে বাংলাদেশের। ফিফা নির্ধারিত কোচ, অধিনায়ক ও গণমাধ্যম তিন ক্যাটগরিতেই বাংলাদেশের ভোটটা পেয়েছেন এই আর্জেন্টাইন।
 
ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিশ্বজুড়ে থাকা ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক ও একজন নির্বাচিত গণমাধ্যমকর্মীর ভোটে। সবাই পছন্দ ক্রম অনুসারে তিনজন খেলোয়াড় বেছে নিতে পারেন। বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম বরাবরের মতোই বার্সেলোনা ও মেসি সমর্থক। তার ভোটটা যে মেসি পাবেন সেটা অনুমিতই। দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে যথাক্রমে ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারকে বেছে নিয়েছেন তিনি।
 
ব্যালন ডি অরের ভোটাভুটির সময় বাংলাদেশের কোচ ছিলেন ইতালির ফ্যাবিও লোপেজ। তারও প্রথম পছন্দ মেসি। লোপেজের দ্বিতীয় ও তৃতীয় পছন্দ ছিল রোনালদো ও পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানদোভস্কি। বাংলাদেশের গণমাধ্যমের ভোটেও প্রথম পছন্দ মেসি। এরপর যথাক্রমে রোনালদো ও অ্যালেক্সিস সানচেজকে বেছে নেয়া হয়েছে।