আবারো অসহায় আত্মসমর্পণ

স্পোর্টস রিপোর্টার

সম্ভাব্য যতগুলো ফলাফল হতে পারতো, তার মধ্যে সবচেয়ে ‘খারাপ’টাই পেল বাংলাদেশ। শুধু পরাজয়ই নয়, মাহমুদউল্লাহ রিয়াদরা হারলো রীতিমত ইনিংস ব্যবধানে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বাংলাদেশের ইনিংসটা স্থায়ী হলো মাত্র এক সেশন।

ফলাফল, বৃষ্টির কারণে তিন দিনের নেমে আসা টেস্টেরও পঞ্চম দিনের পুরোটা খেলা হলো না সফরকারীদের। হারতে হলো ইনিংস ও ১২ রানের বিশাল ব্যবধানে। আগামী শনিবার অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। এর আগেই ২-০ ব্যবধানে সিরিজটা পকেটে পুড়ে ফেললো স্বাগতিক নিউজিল্যান্ড।

বাংলাদেশ ক্রিকেটের জন্য এই বিস্বাদময় দিনে অনন্য এক রেকর্ড গড়ে ফেললো নিউজিল্যান্ড। নিজেদের ইতিহাসে প্রথমবারের মত টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতলো কেন উইলিয়ামসরা। আগে এই রেকর্ড আছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। সর্বোচ্চ টানা নয়টি টেস্ট সিরিজ জয়ের রেকর্ড আছে তিনটি দলের। তারা হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত।

২০১৭ সালের মার্চে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হারে নিউজিল্যান্ড। এরপর পাঁচ টেস্ট সিরিজের সবক’টি জিতে নেয় ব্ল্যাক ক্যাপরা।  এর মধ্যে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারায়। আর দেশের বাইরে দুবাই গিয়ে হারায় পাকিস্তানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই নিয়ে সপ্তমবারের মত ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে ১৫টি টেস্ট খেলেছে, এর মধ্যে হেরেছে ১২টিতে, সাতটিই এর মধ্যে আবার ইনিংস ব্যবধানে, অবস্থা কতটা সঙিন সেটা বোঝাতে আর কিছু না বললেও চলে। এর মধ্যে দু’টি দেশের মাটিতে, আর বাকি পাঁচটি নিউজিল্যান্ডের মাটিতে। এর মধ্যে তিনটিই আবার এই ভেন্যু, মানে ওয়েলিংটনে।

পঞ্চম দিন সকালে মোটামুটি ভালো শুরুই করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকার। দু’জন মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ৫৭ রান। তখনও বাংলাদেশ ম্যাচেই ছিল। ১১২ রানের মাথায় সৌম্য ও ১৫২ রানের মাথায় মিথুন আউট হয়ে যান। এরপর আর ম্যাচে পেরে ওঠেনি সফরকারীরা। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরি গড়ে এক প্রান্ত আগলে রাখেন। তিনি করেন ৬৯ বলে ৬৭ রান। ইনিংসে ছিল ১২ চার ও একটি ছক্কা। যদিও রিয়াদের ইনিংসে হারের ব্যবধান কমা ছাড়া কোনো লাভ হয়নি বাংলাদেশের। মাত্র ছয় রানের মধ্যে শেষ তিনটি উইকেট হারায় বাংলাদেশ। ২২ বলে ১৬ রান করেন মুস্তাফিজুর রহমান।

পঞ্চম দিন সকালে আবারো বাংলাদেশের ইনিংসের ধস নামান নিউজিল্যান্ডের পেসাররা। টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মত পাঁচ উইকেট পান নিল ওয়াগনার। আর চারটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট।