‘রবি ফাস্ট বোলার হান্টে’ ইতিমধ্যেই ৩৫ হাজার তরুণ নিবন্ধন করেছেন। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির সহসভাপতি মাহবুব আনাম বলেন, ‘আগের দুটো আয়োজন থেকে বেশ কিছু ক্রিকেটার উঠে এলেও পরবর্তী সময়ে অনেকেই হারিয়ে গেছে। এবার আর তেমন কিছু হবে না বলে আমার বিশ্বাস। আমি আশাবাদী, এবারের আয়োজন সফল হবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবি যৌথভাবে এই কার্যক্রমের আয়োজক। রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে অনেকদিন ধরেই কাজ করছি আমরা। ভবিষ্যতে আরো কাজ করতে চাই। এই ফাস্ট বোলার হান্ট কার্যক্রম তারই প্রাথমিক ধাপ।’
সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার স্টুয়ার্ট কার্পিনেন এই আয়োজনের সঙ্গে আছেন। তিনি বলেন, ‘এই আয়োজন সফল হলে বেশ কিছু ভালো পেসার বেরিয়ে আসবে বলে আমার বিশ্বাস। এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট অনেক উপকৃত হবে। এদের মধ্যে থেকে কেউ কেউ ভবিষ্যতে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পারে।’
দেশজুড়ে এই আয়োজনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। এসএমএস, ইন্টারনেটে লগইন ও রবি ওয়াকইন সেন্টারে গিয়ে নিবন্ধন করেছেন প্রায় ৩৫ হাজার ক্রিকেটার। নিবন্ধন কার্যক্রম শেষ হবে ১৪ জানুয়ারি।