মেহেরপুরে ৩ হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

মেহেরপুর সদর উপজেলায় আলোচিত তিন খুনের মামলায় তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারু–লিয়া গ্রামের রুহুল, মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের মতি ও একই গ্রামের হবি। এরা পলাতক রয়েছেন।
 
মঙ্গলবার বিকেলে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম এ দণ্ড প্রদান করেন। আর কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি ১৯ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
 
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পিপি অ্যাড. কাজি শহিদুল হক ও আসামি পক্ষে অ্যাড. ইব্রাহীম শাহীন।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতার বশবর্তী হয়ে ১৯৯৬ সালের ৯ মে রাত সাড়ে ১০ টার দিকে জেলা সদর উপজেলার রাজনগর শেখপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে রফিকুল ইসলাম (২৫) এবং মৃত আমজাদ হোসেন দুই ছেলে নকরুল (৩০) ও সুলতানকে (২৫) ঘর থেকে ধরে নিয়ে যায় আসামিরা। পরে গ্রামবাসী ওই রাতে রাজনগর-যুগিন্দা সড়কের পাশে তাদের গুলিবিদ্ধ ও জবাই করা লাশ উদ্ধার করে।
 
পরের দিন নিহতদের চাচাত ভাই ফিরাতুল ইসলাম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা রুহলসহ মোট ২২ জনকে আসামি করে মামলা করেন।