প্রয়োজনে হেঁটে আদালতে যেতে চান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাজধানীকে দূষণমুক্ত রাখতে এই ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করে প্রধান বিচারপতি বলেন, গাড়ির কালো ধোঁয়ায় দিল্লি শহর কলুষিত হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত দেন যে গাড়িগুলো প্রত্যেক দিন চলবে না, জোড় ও বেজোড় নম্বরে পালা করে চলবে। এক পর্যায়ে ভারতের প্রধান বিচারপতি ওই পদক্ষেপে সমর্থন জানিয়ে ঘোষণা দিয়েছিলেন প্রয়োজনে তিনি বাসে করে এমনকি হেঁটে আদালতে যাবেন। আমিও একই সুরে মেয়রকে বলছি যে আপনি ঢাকা নগরীকে কলুষমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিন, প্রয়োজনে আমিও হেঁটে আদালতে আসতে রাজি আছি।
প্রধান বিচারপতি আরো বলেন, দেশের সর্বোচ্চ আদালত একটি পবিত্র স্থান। জনবল ও অর্থনৈতিক সমস্যার কারণে এই পবিত্র জায়গা আমরা ঠিকমত পরিষ্কার রাখতে পারছি না। এ প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা বাড়াতে হলে এটা পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি বলেন, শহরের বর্জ্য থেকে বুড়িগঙ্গাকে বাঁচাতে পারলে ঢাকা শহর আরও সুন্দর হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমি প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকায় দেখতে চাই। যদি আপনারা সেই ভূমিকায় অবতীর্ণ হন তাহলেই এই নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে ‘পরিচ্ছন্ন বছর ২০১৬’ শিরোনামে এই পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. রকিব উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।