বিকেএসপিতে দোলেশ্বরের দুর্দান্ত জয়

বিফলে আল-আমিনের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার

রান তোলার জন্য বেশ সুনাম রয়েছে বিকেএসপির উইকেটের। চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও টানা দুই দিন বড় রানের ম্যাচ উপহার দিয়েছে বিকেএসপি। গত সোমবার লিজেন্ডস অব রুপগঞ্জ ৩৫৭ রান করেছিল। জবাবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবও ৩৩৩ রান করেছিল। গতকাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ৩০১ রানও তাড়া করে ফেলেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

প্রাইম ব্যাংকের আল-আমিন জুনিয়রের সেঞ্চুরিটা বিফলে গেল প্রাইম দোলেশ্বরের ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায়। গতকাল প্রাইম দোলেশ্বর ম্যাচটা জিতে গেছে পাঁচ উইকেটে। তাও ১০ বল বাকি থাকতে। প্রাইম ব্যাংকের প্রথম হার ও প্রাইম দোলেশ্বরের এটি দ্বিতীয় জয়। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গতকাল বিকেএসপিকে চার উইকেটে হারিয়েছে গাজী ক্রিকেটার্স।

বিকেএসপিতে আল-আমিন জুনিয়রের লিস্ট-এ ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরিতে আট উইকেটে ৩০১ রান তুলেছিল প্রাইম ব্যাংক। ৯৯ বলে ১১১ রানের (৮ চার, ৪ ছয়) ইনিংস খেলে রান আউট হন তিনি। সুদীপ চ্যাটার্জি ৫৭, জাকির হাসান ৩৬, বিজয় ২৮, আরিফুল হক ২৮ রান করেন। দোলেশ্বরের আরাফাত সানি, ফরহাদ রেজা, সৈকত আলী দুটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে তিন হাফ সেঞ্চুরির পাশাপাশি ফরহাদ রেজার ঝড়ো সংগ্রহে ৪৮.২ ওভারে পাঁচ উইকেটে ৩০২ রান করে ম্যাচ জিতে নেয় দোলেশ্বর। সাইফ হাসান ৮৫, মার্শাল আইয়ুব ৭৬, সাদ নাসিম ৪৭ বলে ৬৪, ফরহাদ রেজা ১৫ বলে অপরাজিত ৩৫ রান করেন। প্রাইম ব্যাংকের মনির হোসেন, আরিফুল হক দুটি করে উইকেট পান। দোলেশ্বরের সাদ নাসিম ম্যাচ সেরা হন। ফতুল্লায় আগে ব্যাট করে সাত উইকেটে ২৪৯ রান তুলেছিল বিকেএসপি। মাহমুদুল হাসান জয় ৮৫, আমিনুল ইসলাম অপরাজিত ৬৩, শামীম হোসেন ৪৪, রাতুল খান ৩৪ রান করেন। গাজী ক্রিকেটার্সের আবু হায়দার রনি ও কামরুল ইসলাম রাব্বি দুটি করে উইকেট পান। জবাবে ৪৯.২ ওভারে ছয় উইকেটে ২৫২ রান তুলে ম্যাচ জিতে নেয় গাজী ক্রিকেটার্স। তৌহিদ তারেক অপরাজিত ৭৬, মেহেদী হাসান ৭০, আবু হায়দার রনি অপরাজিত ৩২, শামসুর রহমান ২৩ করেন। বিকেএসপির হাসান মুরাদ তিনটি, মুকিদুল ইসলাম দুটি উইকেট নেন। গাজী ক্রিকেটার্সের তৌহিদ তারেক ম্যাচ সেরা হন।

সংক্ষিপ্ত স্কোর

প্রাইম ব্যাংক-প্রাইম দোলেশ্বর

প্রাইম ব্যাংক:৫০ ওভারে ৩০১/৮ (আল-আমিন জুনিয়র ১১১, সুদীপ চ্যাটার্জি ৫৭, জাকির হাসান ৩৬, বিজয় ২৮, আরিফুল হক ২৮, অলক কাপালি ১২; আরাফাত সানি ২/৩৪, ফরহাদ রেজা ২/৪৩, সৈকত আলী ২/৪৬, এনামুল জুনিয়র ১/৪৫)

প্রাইম দোলেশ্বর:৪৮.২ ওভারে ৩০২/৫ (সাইফ হাসান ৮৫, মার্শাল আইয়ুব ৭৬, সাদ নাসিম ৬৪, ফরহাদ হোসেন ২৪, ফরহাদ রেজা ৩৫*, তাইবুর ৬*; মনির হোসেন ২/৪৩, আরিফুল হক ২/৫১, অলক কাপালি ১/৪৫)

ফলাফল: প্রাইম দোলেশ্বর পাঁচ উইকেটে জয়ী।

বিকেএসপি-গাজী গ্রুপ ক্রিকেটার্স

বিকেএসপি: ৫০ ওভারে ২৪৯/৭ (মাহমুদুল হাসান জয় ৮৫, আমিনুল ইসলাম ৬৩*, শামীম হোসেন ৪৪, রাতুল খান ৩৪; আবু হায়দার রনি ২/৪৬, কামরুল ইসলাম রাব্বি ২/৫২, নাসুম আহমেদ ১/৩৫)

গাজী ক্রিকেটার্স:৪৯.২ ওভারে ২৫২/৬ (তৌহিদ তারেক ৭৬*, মেহেদী হাসান ৭০, আবু হায়দার রনি ৩২*, শামসুর ২৩, শামসুল ১৫, রনি তালুকদার ১৫; হাসান মুরাদ ৩/৩২, মুকিদুল ইসলাম ২/৫৬, সুমন খান ১/৪১)

ফলাফল: গাজী ক্রিকেটার্স চার উইকেটে জয়ী।