সাটুরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি সমরেন্দু সাহা লাহোর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনসহ চারজনকে আনসারুল্লাহ বাহিনী কাফনের কাপড় ও চিঠি দিয়ে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে সাটুরিয়া থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রি করেছেন তারা।
সাটুরিয়া থানায় জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে সাটুরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সাহা লাহোরের স্থায়ী ঠিকানায় ডাকযোগে এবিটি মানিকগঞ্জ জেলা আরবি স্বাক্ষরে একটি চিঠি আসে। চিঠিতে সাটুরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক সমরেন্দু সাহা লাহোর (ভারতের দালাল উল্লেখ করে), বালিয়াটী উদিচি শাখার সভাপতি আবুল হোসেনকে (ইসলামবিরোধী কর্মকাণ্ডের জন্য), বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন (আওয়ামী দালাল হিসেবে), বালিয়াটী রাম কৃষ্ণের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দকে (মুরতাদ ঘোষণা করে) হুমকি দিয়েছে।
IMG0
হুমকি দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'তোমরা সীমা লংঘন কর না, নিশ্চই আল্লাহ সীমা লংঘনকারীদের ভালোবাসেন না । (আল কুরআন ২:১৯০), তোমরা পাপিষ্ঠ প্রতারক ও নিচ প্রকৃতির। কাফিরদের মর্মাস্তিক শাস্তি প্রস্তুত রেখেছি। তোমরা আমাদের পরবর্তী টার্গেট, প্রস্তুত থাক।'
IMG1
মঙ্গলবার সাটুরিয়ার ধর্মযাজক, পূজা উদযাপন কমিটির সভাপতি, উদিচি শিল্পী গোষ্ঠীর সভাপতি ও বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে হুমকি দেয়ার পর মঙ্গলবার দিবাগত রাতেই সাটুরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ডায়রি নং ৪০৪, তারিখ- ১২-০১-২০১৬।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, 'মঙ্গলবার দিবাগত রাতে হুমকি পাওয়া ধর্মযাজকসহ ৪ ব্যক্তিই আমার থানায় এসেছিলেন। পূজা উদযাপন কমিটির সভাপতি একটি ডায়রি করেছে। আমরা তদন্ত করে দেখছি।'