শেষ ওয়ানডে আজ
স্পোর্টস ডেস্ক
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চার ম্যাচ শেষে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে এখন ২-২ সমতা। তাই পঞ্চম ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে।
ওয়ানডে সিরিজ জিততে মরিয়া ভারত ও অস্ট্রেলিয়া। তাই পঞ্চম ও শেষ ওয়ানডে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে দু’দল। তবে দুই দলেরই লক্ষ্য থাকবে আগামী বিশ্বকাপের দল বাছাই তথা কম্বিনেশন ঠিক করা। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়।
এই অঘোষিত ফাইনালটি জিততে চাইছে ভারত-অস্ট্রেলিয়া। ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘প্রথম চার ম্যাচেই আমরা ভালো খেলেছি। তাই সিরিজ জয় আগেই নিশ্চিত করা উচিত ছিলো আমাদের। কিন্তু কিছু-কিছু ভুলে এখন বড় চ্যালেঞ্জের সামনে আমরা। তবে এজন্য আমরা প্রস্তুত। যে কোনো চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি। আমাদের লক্ষ্য সিরিজ জয় করা। এজন্য শেষ ওয়ানডেটি জয় ছাড়া অন্য কিছুই আমরা ভাবছি না।’
সিরিজ জয়ের কথা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চও, ‘সিরিজে পিছিয়ে পড়েও যেভাবে ফিরে এসেছি, এটি সত্যিই প্রশংসার। ছেলেরা দারুণ ক্রিকেট খেলেছে। আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। যে কোনো কিছুই আমরা করতে পারি। শেষ দুই ম্যাচের পারফরমেন্স আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ভারতের মাটিতে ৩৫০ রানের উপর টার্গেট টপকে ম্যাচ জয় অনেক বড় ব্যাপার। এমন কঠিন কাজ আমাদের এই দলটিই করতে পেরেছে। তাই এই দলকে নিয়ে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন আমরা দেখতেই পারি।’