এবার ভালো খেলেও ড্র করলো ম্যানইউ

দুই বার এগিয়ে গিয়েও জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লুই ফন গালের দলকে রুখে দিয়েছে অবনমন অঞ্চলে থাকা নিউক্যাসল।
 
মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসলের মাঠে পেনাল্টি থেকে ওয়েইন রুনির গোলে নবম মিনিটেই এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেসি লিংগার্ড। বিরতির কিছু আগে জর্জিনো ভাইনালডামের গোলে ব্যবধান কমায় নিউক্যাসল। ৬৭তম মিনিটে পেনাল্টি থেকে আলেক্সান্দার মিত্রোভিচ গোল করলে সমতায় ফিরে স্বাগতিকরা।
 
৭৯তম মিনিটে রুনি গোল করার পর মনে হচ্ছিল জিতেই যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যাচের ৯০তম মিনিটে গোল করে নিউক্যাসলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন পল ডামেট। এই ড্রয়ে শিরোপা লড়াইয়ে আবার পিছিয়ে পড়ল ফন গালের দল। ২১ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইংল্যান্ডের সবচেয়ে সফল দলটি। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৪২। প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী রোববার লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। গোল.কম।