লিওনেল মেসি ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে পঞ্চমবারের মতো বর্ষসেরা পুরস্কার জেতায় স্বভাবত উচ্ছ্বসিত তার বাবা হোর্হে মেসি। ছেলের এজেন্ট হিসেবে কাজ করা সিনিয়র মেসি বলেছেন, তিনি কোনোদিন কল্পনাও করেননি ছেলে এমন বিশ্বজয়ী হবে।
গত সোমবার জুরিখে পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরা হয়েছেন মেসি। কিন্তু ১৩ বছর বয়সী হরমোনের সমস্যায় ভোগা মেসিকে নিয়ে যখন আর্জেন্টিনা থেকে স্পেনে এসেছিলেন তখন কী বাবা ভাবতে পেরেছিলেন ছেলে ইতিহাসেরই সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে অধিষ্ঠিত করবে? মেসির বাবা স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাতে লেখা একটি কলামে বলেন, আমরা আর্জেন্টিনা ছেড়ে এসেছিলাম অনেক স্বপ্ন ও কল্পনা নিয়ে, সঙ্গে অনেক ভীতিও ছিল। আজ যেখানে সে এসেছে সে এসেছে সেটা আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি। বিশ্ব তাকে পাঁচবার এই গ্রহের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করেছে।
এমন ছেলেকে নিয়েতো বাবার গর্বই হবে। হোর্হে বলেন, পরিবারের সবাই আমরা তাকে নিয়ে গর্বিত কারণ সে যা অর্জন করেছে সেটা এসেছে অনেক পরিশ্রমের পরে। লিওনেলের নিজেকে ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা এবং প্রতিদিন আরো উন্নতি করার চেষ্টা তার কাছের মানুষদের জন্য একটি অনুপ্রেরণা। গোল.কম।