টাঙ্গাইলের নাগরপুরে অপহরণ মামলার আসামিকে আটকসহ ভোক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। নাগরপুর থানার এসআই সজল খান মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার কোতোয়ালী থানার বাদাতুলী এলাকা থেকে অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করে। পরে ভোক্তভোগীকে উদ্ধার করে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বিহালী খামার গ্রামে স্কুলে যাওয়ার পথে অপহরণ হয় ছাত্রী (১৪)। পরে ওই ছাত্রীর মা বাদি হয়ে একই গ্রামের আ. খালেকের ছেলে মো. শাহআলমকে বিবাদি করে নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী ও নাগরপুর থানার এস আই সজল খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে ঢাকার কোতায়ালী থানার বাদামতুলী এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে অপহরণ মামলার আসামি শাহআলমকে গ্রেফতার করে। তাকে বুধবার টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। ভোক্তভোগী ওই ছাত্রীর জবানবান্দি রেকর্ডের জন্য আদালতে হাজির করা হয়েছে।