ওয়ার্নারের পরিবর্তে উসমান খাজা

পিতৃত্বকালীন ছুটির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে আর খেলতে পারছেন না অস্ট্রেলিয়ান বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে কুইন্সল্যান্ডের ব্যাটসম্যান উসমান খাজাকে। 
 
ওয়ার্নার ও তার স্ত্রী ক্যান্ডিসের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হতে আর বেশী সময় বাকি নেই। সে কারণেই ওয়ার্নার দল ছেড়ে ছুটিতে গেছেন বলে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে। সেখানে আরো বলা হয়েছে খাজা খুব শিগগিরই ব্রিসবেনে দলের সাথে যোগ দিবেন। পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য খাজাকে দলে নেয়া হয়েছে। উসমান খাজার অন্তর্ভুক্তি সম্পর্কে নির্বাচক প্রধান রড মার্শ বলেছেন, এই মৌসুমে উসমান দুর্দান্ত ফর্মে আছেন। ওয়ানডে সিরিজে তার সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্যজনক। নতুন করে ডাক পাওয়াটা তার ফর্মের উপহারস্বরুপ। ডেভিডের অনুপস্থিতিতে তার মত একজনকে পাওয়া সত্যিই দারুণ বিষয়। আশা করছি ডেভিড ও ক্যান্ডিস দুজনেই ভাল আছে, পরিস্থিতি অনুকূলে আসলে ডেভিডকে আবারো দলে স্বাগত জানাচ্ছি। 
 
সম্প্রতি সিডনি থান্ডার্সের হয়ে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে খাজা ৪২ বলে ৬২ রান করেন। এর আগে কমনওয়েলথ ব্যাংক সিরিজের বক্সিং ডে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসে ১১৪ ও ৫৬ রান করেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৪ ও ১২১ রানে দারুণ দুটি টেস্ট ইনিংস উপহার দেবার পরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। সে কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিকে আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসার সিরিজ হিসেবেই দেখেছিলেন খাজা। বাসস।