লাউয়াছড়া জাতীয় উদ্যানে যুবকের ঝুলন্ত লাশ

 
কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বনের একটি গাছ থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাতনামা যুবকের লাশ। গত মঙ্গলবার রাত নয়টায় কমলগঞ্জ থানা পুলিশ গভীর বনের ভিতর থেকে লাশ উদ্ধার করে।
 
লাউয়াছড়া বনবিট কর্মকর্তা রেজাউর করিম জানান, জাতীয় উদ্যানের ভিতর শেভরন গ্যাস কূপের ১নং গেইট থেকে উত্তরে বেশ কিছু গভীর বনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ২৫ বছর বয়সী এক যুবকের লাশ দেখা যায়। খবর পেয়ে মঙ্গলবার বিকালে বনকর্মীদের নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে কমলগঞ্জ থানা পুলিশকে সংবাদ জানান।
 
মঙ্গলবার রাত নয়টায় থানার সহকারী পরিদর্শক আল আমীন ও লিটন পালের নেতৃত্বে বনকর্মীদের উপস্থিতিতে ঝুলন্ত অবস্থায় এ লাশটি উদ্ধার করা হয়। লাউয়াছড়া বনবিট কর্মকর্তা (বন্যপ্রাণী) রেজাউল করিম বলেন, লাশের মুখ বিকৃত থাকায় তার কোন পরিচয় পাওযা যায়নি।
 
কমলগঞ্জ থানার সিনিয়র সহকারী পরিদর্শক জাহিদুল ইসলাম জাতীয় উদ্যানের বন থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। লাশটি সম্ভবত চার পাঁচ দিন আগের বলে মুখোমন্ডলে পঁচন ধরায় কিছুটা বিকৃত হয়ে গেছে। তবে দেহের মধ্যে আর কোন দাগ ছিল না। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না বলেও তিনি জানান। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু ডায়েরি করা হয়।