প্রথমবারের মত দুবাইতে অনুষ্ঠিতব্য মাস্টার্স চ্যাম্পিয়নস লিগ (এমসিএল) এর দুটি দলের অধিনায়ক মনোনীত হয়েছেন নিজ নিজ দেশের সফল দুই সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও পল কলিংউড। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে দুবাই ও শারজাহতে শুরু হওয়া এই টি টোয়েন্টি টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিবে।
গাঙ্গুলি লিবরা লিজেন্ডকে ও কলিংউড নেতৃত্ব দিবেন ক্যাপ্রিকর্ন কমান্ডার্সকে। সাবেক ভারতীয় অধিনায়ক নতুন করে অধিনায়কত্বের সুযোগ পেয়ে দারুন আনন্দিত। আসন্ন টুর্নামেন্টে কঠিন কয়েকটি ম্যাচের অপেক্ষায় থাকা গাঙ্গুলি বলেন, লিবরা লিজেন্ডকে নেতৃত্ব দেয়া সত্যিই দারুন সম্মানের। এই দলে জ্যাক ক্যালিস, শন টেইট, গ্র্যায়েম সোয়ান, ব্র্যাড হগের মত তারকারা খেলবেন। কঠিন কয়েকটি ম্যাচের জন্য অপেক্ষা করছি। অন্যান্য দলে আরো খেলবেন বীরেন্দ্র শেবাগ, কুমার সাঙ্গাকারা, মাইকেল ভন। সে কারনেই এখানে দারুন প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ম্যাচগুলো বেশ উপভোগ্য হবে।
২০১০ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা উপহার দেয়া সাবেক ইংলিশ অধিনায়ক কলিংউড বলেছেন দীর্ঘদিন যাদের বিপক্ষে খেলে এসেছেন তাদের সাথেই এখন এক দলে খেলতে পারাটা বিশেষ কিছু। তার উপর প্রথমবারের মত আয়োজিত এই প্রতিযোগিতায় একটি দলের নেতৃত্ব পাওয়ায় দায়িত্বও বেড়ে গেছে। নতুন করে পুরোনোদের সাথে একত্রিত হতে পেরেও কলিংউড উচ্ছাসা প্রকাশ করেছেন। বাসস।