বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৫টি ঘরসহ একটি গোডাউন ভস্মিভূত

বাগেরহাট শহরের রেল স্টেশন এলাকায় আগুনে পুড়ে গেছে ৫টি বসতঘর ও একটি গোডাউন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। 
 
বুধবার সকালে পুড়ে যাওয়া বসত ঘর পরিষ্কার করার সময় মৃত রুস্তুম পাহলানের স্ত্রী মনোয়ারা বেগম জানান, রাত সাড়ে ৩টার দিকে তার বসত ঘরের পাশে মহম শেখের ঘরে আগুন দেখতে পায়। মূহুর্তের মধ্যে আগুন মহমের বোন হাসিনা বেগমের ঘর থেকে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। মহম শেখ ও হাসিনার ঘরে ওই রাতে কেউ ছিল না। 
 
IMG0
 
তিনি অভিযোগ করে বলেন, ‘এই সুযোগে কতিপয় দুর্বৃত্তরা তাদের বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।' 
 
এদিকে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান বুধবার সকালে ঘটনাস্থল পরির্দশন ও ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানান। তিনি আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোর মাঝে আর্থিক সহযোগিতাসহ ত্রান সামগ্রী বিতরণ করেছেন।
 
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়লান আবেদীন তিতাস জানান, আগুনে ৫টি কাঠ ও টিনের তৈরি বসত ঘর ও একটি কোকোলা ফুডের একটি গোডাউন পুড়ে গেছে। রেলরোড এলাকায় আগুন লাগার খবর পেয়ে তারা ভোর ৪ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 
 
তবে এই কর্মকর্তা তদন্ত ছাড়া অগ্নিকান্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিক ভাবে জানানো সম্ভব নয় বলে জানান।