মানিকগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজসহ ৪ জনকে হত্যার হুমকি

দিনাজপুর ও রংপুরে বেশ কয়েকজন খ্রিস্টান যাজককে হত্যার হুমকির পর এবার ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ নামে মানিকগঞ্জের সাটুরিয়ায় রামকৃষ্ণ মিশনের মহারাজসহ চারজনকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।
 
আনসারুল্লাহ বাংলাটিমের নামে মঙ্গলবার ডাকযোগে চিঠিগুলো পাঠানো হয়েছে জানান সাটুরিয়া থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার।
 
হুমকি পাওয়া ব্যক্তিরা হলেন, সাটুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সাহা লাহোর, উদীচীর উপজেলা সংসদের সভাপতি আবুল হোসেন, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন এবং বালিয়াটি রামকৃষ্ণ মিশনের প্রধান মহারাজ পরিমুক্তা নন্দ।
 
পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, মঙ্গলবার বেলা ৩টার দিকে ডাকযোগে সমরেন্দু সাহার কাছে একটি চিঠি আসে। এ বি টি (আনসারুল্লাহ বাংলাটিম) এর পক্ষ থেকে পাঠানো ওই চিঠির সঙ্গে কাফনের কাপড়ও পাঠানো হয়েছে।
 
চিঠিতে বলা হয়েছে, ‘তোমরা সীমা লঙ্ঘন কর না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। তোমরা পাপিষ্ঠ প্রতারক ও নিচ প্রকৃতির। কাফিরদের মর্মান্তিক শাস্তি প্রস্তুত রেখেছি। তোমরা আমাদের পরবর্তি টার্গেট, প্রস্তুত থাক।
 
এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই চার ব্যক্তি থানায় জিডি করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ওই ব্যক্তিদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি।
 
এর আগে পাবনায় এক খ্রিস্টান পাদ্রিকে গলা কেটে এবং দিনাজপুরে আরেক ইতালীয় ধর্মযাজককে গুলি করে হত্যার চেষ্টা করা হয়।