গাইবান্ধায় অপহরণের একদিন পর রফিকুল ইসলাম জনি (২৮) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে গাইবান্ধা সদর উপজেলার সুন্দরজান মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। জনি গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলার মাস্তা গ্রামের নিজামুল ইসলাম বাবুর ছেলে।
এ সময় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ গাইবান্ধা শহরের পলাশপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (২৫) ও সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে রতন মিয়াকে (২৪) আটক করেছে।
গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, রফিকুল ইসলাম আদালতে একটি মামলার কাজে মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলা জজ আদালতে আসেন। ওইদিন দুপুরে কয়েকজন যুবক তাকে কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। তারা মোবাইল ফোনে রফিকুলের পরিবারের কাছে মোটা অংকের টাকা দাবি করে। এ ঘটনায় জনির স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ ওই মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে জনিকে উদ্ধার করে।